কাতার ভারতের ৮ সাবেক নৌবাহিনীর কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করার পরও তাদের মুক্তি দিয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সোমবার ১২ ফেব্রুয়ারি ভারত সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সাবেক ৮ কর্মকর্তার মধ্যে ৭ জন দেশে ফিরেছেন। তারা দীর্ঘ ১৮ মাস কাতারের কারাগারে বন্দী ছিলেন।
মুক্তি পাওয়া ভারতীয় নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তারা হলেন, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বার্মা, ক্যাপ্টেন সৌরভ বাশিস্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকার পাকালা, নাবিক রাগেশ ও কমান্ডার সঞ্জীব গুপ্তা।
এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে বন্দী ৮ ভারতীয়ের ফিরে আসার বিষয়টিকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার। তারা দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করতেন। ৮ জনের মধ্যে ৭ জন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন। ভারতীয়দের মুক্তি দেয়ার যে সিদ্ধান্ত কাতারের আমির নিয়েছিলেন। আমরা সেটিকে স্বাগত জানাই।
ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা দেহরা গ্লোবাল নামের এ বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাতারের নৌবাহিনীর হয়ে কাজ করতেন। তাদের কাজ ছিল কাতারি নৌবাহিনীর সদস্যদের ইতালির ইউ২১২ সাবমেরিনের ওপর প্রশিক্ষণ দেয়া। এই দাহরা গ্লোবালের হয়ে কাজ করার সময় ভারতীয় নৌবাহিনীর এসব কর্মকর্তা ইসরায়েলের কাছে গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।







