আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তোলার গতিকে সচল রেখেছিলেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতে তারা ৭৬ রান যোগ করেন। ফিফটি পাওয়ার আগেই সাজঘরে ফিরেছেন টাইগারদের দুই ওপেনার। এতে অবশ্য রানের চাকা মোটেও মন্থর হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ২ উইকেটে ১৪৮ রান। নাজমুল হোসেন শান্ত ৪৪ বলে ৫ চারে ৩৮ ও তাওহীদ হৃদয় ২২ বলে এক চার ও এক ছক্কায় ২৩ রানে ক্রিজে আছেন।
প্রথম ১০ ওভারেই লাল-সবুজের দল বিনা উইকেটে তুলেছিল ৬২ রান। বাইশ গজে অজি বোলারদের বিপক্ষে আস্থার সঙ্গে খেলছিলেন তানজিদ ও লিটন।
১২তম ওভারে শন অ্যাবটের বলে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ক্রিজ ছাড়ার আগে করেন ৩৪ বলে ৬ চারে ৩৬ রান। দলীয় স্কোর একশো ছাড়ানোর পর সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করা লিটন। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম জাম্পার বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে মার্নাস লাবুশেনের তালুবন্দি হন।








