সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে মুক্তির দাবিতে চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষের প্রেক্ষাপটে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি মাজারগেট, কদম ফোয়ারা প্রদক্ষিণ করে বার কাউন্সিলের গেট হয়ে আবার সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে এসে শেষ হয়।
উল্লেখযোগ্য সংখ্যক বিএনপি সমর্থক আইনজীবীর অংশগ্রহণের বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে চট্টগ্রাম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এদিকে, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ‘হত্যার প্রতিবাদে’ বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি আগামীকাল দুপুর ১ টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, আদালত ভবন এলাকায় সংঘর্ষের ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাইফুলকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।







