ডেঙ্গু জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক সভায় তিনি এসব নির্দেশনা দেন।
সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাসের গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি-এমন এলাকাগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
এ ছাড়া পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং, জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধের করণীয় তুলে ধরা, সরকারি আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।





