নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ (১৬ মার্চ) সোমবার তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি জেলার খালের খনন কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে খাল খননে অংশ নেন, যা স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। তারা মনে করছেন, খাল খননের মাধ্যমে এলাকায় পানির সমস্যা উল্লেখযোগ্যভাবে সমাধান হবে।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর পৌঁছান প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি কর্মসূচিস্থলে যান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালে জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। সেই সময় বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা এবং শুষ্ক মৌসুমে সেচ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য ছিল। দেশজুড়ে তিনি তখন ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন এবং স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেছিলেন।








