রাষ্ট্রপতিকে জেনেভা সফর সম্পর্কে অবহিত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি জেনেভা সফর সম্পর্কে আলোচনা করতে বসেছেন, উভয়ই আসন গ্রহণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপতিকে তিনি তার সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেছেন।
রাষ্ট্রপতি আশা করে বলেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।
বাসস জানায়, বৃহস্পতিবার ২২ জুন সন্ধ্যায় বঙ্গভবনে সরকার প্রধান রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। এর আগে প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও এসময় রাষ্ট্রপতি এবং তার সহধর্মিনীকে ফুলের তোড়া উপহার দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সাক্ষাতকালে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে রয়েছে তার সাম্প্রতিক জেনেভা সফর।’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফল সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বঙ্গভবনের মুখপাত্র জানান, বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একে অপরের পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
বৈঠকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।



