১৯৮০-এর দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই। জনপ্রিয় টিভি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-তে স্মরণীয় চরিত্র ‘জেনিফার মার্লো’ হিসেবে অভিনয় করে যিনি দর্শকমহলে দারুণভাবে সমাদৃত হয়েছিলেন।
রবিবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৯ বছর। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
তার দীর্ঘদিনের মুখপাত্র চেরিল জে. কাগান এই মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন। পরিবার এক বিবৃতিতে জানায়, “আমাদের প্রিয় স্ত্রী, মা এবং দাদির মৃত্যুতে আমরা শোকাভিভূত।”
‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ , যা ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত প্রচারিত হয়, সেটি ছিল একটি ব্যর্থ ওহাইও-ভিত্তিক রেডিও স্টেশনকে ঘিরে নির্মিত সিটকম, যেখানে রক মিউজিকের মাধ্যমে নতুনভাবে পথ খোঁজার চেষ্টা চালানো হয়। এই সিরিজে লনি অ্যান্ডারসন ছাড়াও অভিনয় করেছিলেন গ্যারি স্যান্ডি, টিম রেইড, হাওয়ার্ড হেসম্যান, ফ্রাঙ্ক বোনার এবং জান স্মিথার্স।
লনি অ্যান্ডারসন তার চরিত্র জেনিফার মার্লো, একজন সুন্দরী, কিন্তু সেই রূপের ছাপ ছাড়িয়ে মেধাবী ও কৌশলী রিসেপশনিস্ট হিসেবে পরিচিত হন। তিনি শুধু রেডিও স্টেশনের কার্যকারিতা বজায় রাখতেন না, বরং তার বস মিস্টার কার্লসনের অনেক দায়িত্ব তিনি কৌশলে সামলে নিতেন।
তার এই আইকনিক চরিত্রের জন্য তিনি দুইবার এমি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হন এবং তিনবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড-এর মনোনয়ন পান। –এপি নিউজ








