বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ১৪ তম পোপ লিও। শনিবার (১১ এপ্রিল) তিনি বিশ্বব্যাপী শান্তির প্রতি অঙ্গীকার গড়ে তোলার তাগিদ দেন।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত তার দেওয়া সবচেয়ে কঠোর ভাষণে পোপ লিও যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতকে উসকে দিচ্ছে এমন বিভ্রমের নিন্দা জানান। তিনি রাজনৈতিক নেতাদের যুদ্ধ থামিয়ে শান্তির জন্য আলোচনায় বসার আহ্বান জানান।
একই দিনে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু যুদ্ধবিরতি কার্যকর থাকার প্রেক্ষাপটে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় সন্ধ্যার প্রার্থনা সভা পরিচালনা করেন পোপ।
পোপ লিও তার বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তার বক্তব্যে স্পষ্টতই মার্কিন নেতৃত্বের দিকেই ইঙ্গিত করে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, নিজেকে ও অর্থকে পূজা করা বন্ধ হোক! শক্তি প্রদর্শন বন্ধ হোক! যুদ্ধ বন্ধ হোক!
প্রার্থনা সভায় তেহরানের আর্চবিশপ, বেলজিয়ান কার্ডিনাল ডমিনিক জোসেফ ম্যাথিউ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পক্ষে কূটনৈতিক প্রতিনিধি হিসেবে ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লরা হকল্যা।
পোপ বলেন, শান্তির জন্য প্রার্থনা হলো অশুভের দুষ্টচক্র ভাঙার একটি উপায়, যার মাধ্যমে এমন এক পৃথিবী গড়ে তোলা সম্ভব যেখানে অস্ত্র, ড্রোন বা ‘অন্যায্য মুনাফা থাকবে না।
তিনি আরও বলেন, আমাদের চারপাশে যে অসীম ক্ষমতার মোহ তৈরি হয়েছে, সেটি দিন দিন আরও অনিশ্চিত ও আক্রমণাত্মক হয়ে উঠছে। এমনকি জীবনদাতা ঈশ্বরের পবিত্র নামকেও মৃত্যুর আলোচনায় টেনে আনা হচ্ছে।







