১৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ভোটগ্রহণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা ছাড়া যে কোন ধরণের রাজনৈতিক সভা সমাবেশ আয়োজন করা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ইসির পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের ৭ জানুয়ারি ঠিক করা রয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজ বাধাগ্রস্ত করতে পারে বা ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করতে পারে এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখা প্রয়োজন।
এ অবস্থায়, আগামী ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া অন্য কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।







