বার্তা ফাঁসের ঘটনায় পুলিশ কনস্টেবল অমি দাশ গ্রেপ্তার

পুলিশ কনস্টেবল অমি দাশের ছবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি, পুলিশি তদন্তের অংশ হিসেবে ধরা পড়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে অমি দাশ নামে পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে।
অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন এবং প্রেষণে খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।
অমি দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। তার বাবার নাম রাজিব দাস। পুলিশে কনস্টেবল পদে কর্মরত অমি দাস সম্প্রতি সিএমপির টেলিকম ইউনিটে যুক্ত ছিলেন।
গত ১১ আগস্ট রাত ২টার দিকে চট্টগ্রামের সল্টগোলা ক্রসিং সংলগ্ন ইশান মিস্ত্রি হাট এলাকায় মিছিল করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের হামলায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন।
ঘটনার পর সিএমপি কমিশনার ওয়াকিটকির মাধ্যমে একটি বার্তা দেন। অভিযোগ রয়েছে, সেই বার্তা এক কর্মকর্তা ভিডিও করেন এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
ওয়াকিটকির মাধ্যমে পুলিশের অভ্যন্তরীণ বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিব্রত হন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাহিনীর গোপনীয়তা ও শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনায় নড়ে চড়ে বসে কর্তৃপক্ষ।
এ ঘটনায় তদন্তে নামে একাধিক দল। তদন্ত শেষে অভিযুক্ত হিসেবে কনস্টেবল অমি দাশকে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।



