ভোলায় বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ নিউমোনিয়ার প্রকোপ। হাসপাতালে শয্যার তুলনায় তিনগুণ বেশি শিশু ভর্তি রয়েছে। শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।
রোগীর স্বজনরা জানান, অতিবৃষ্টি, কখনো ঠাণ্ডা আবার কখনো গরম। আবহাওয়ার এমন বিরূপ আচরণে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠাণ্ডাজনিত রোগ নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ভোলা সদর হাসপাতালে শিশু রোগীদের উপচেপড়া ভীড়।
সদর হাসপাতালে গত এক মাস ধরে প্রতিদিন গড়ে ২শ’র বেশি রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে শিশু বিভাগে ইনডোর ও আউটডোরে প্রতিদিন ৪শ’র বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছে।
রোগীর সংখ্যা বেশি হওয়ায় শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যাসংকট। কোনো কোনো ওয়ার্র্ডে এক বেডে রাখা হয়েছে একাধিক অসুস্থ শিশুকে। অনেকেই হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে।
চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।







