ট্রফি জিতে এমবাপেকে ভুলে গেছেন রিয়াল সভাপতি

দুই ফুটবল কর্মকর্তা একে অপরকে আলিঙ্গন করছেন, অন্য একজন দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
রিয়াল মাদ্রিদকে আশায় বসিয়ে রেখে শেষমেশ নানা টালবাহানা করে লস ব্লাঙ্কোসে আসেননি ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। এমবাপের এমন কাণ্ডে বিব্রত হয়েছে রিয়াল মাদ্রিদ। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রিয়াল সমর্থকদের রোষানলে পুড়তে হচ্ছে এমবাপেকে।
তবে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বললেন, ‘এমবাপেকে সবাই ভুলে গেছে।’
শত চেষ্টার পরও প্যারিসে রিয়াল মাদ্রিদকে মরণ কামড় বসাতে পারেনি লিভারপুল। ২০১৮ হারের ক্ষতে ফের আঘাতপ্রাপ্ত হলো ইয়ূর্গেন ক্লপ। প্রতিশোধ নেওয়ার ম্যাচে একের পর এক আক্রমণ করেও রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে সাদিও মানে-মোহাম্মেদ সালাহরা।
১-০ গোলে জয় তুলে শিরোপা উঁচিয়ে ধরে নিজেদের শক্তির জানান দিয়েছে রিয়াল। ম্যাচে জয় পাওয়ায় রিয়ালের ইতিহাস হয়েছে আরও সমৃদ্ধ। খুশ মেজাজে রয়েছেন পেরেজ।
‘আমি শান্ত এবং খুব খুশি। আমরা যে পরিস্থিতির মধ্যে ছিলাম তাতে আমাদের ভিন্ন উচ্চতায় পৌঁছাতে সবাইকে সারা মৌসুম কঠোর পরিশ্রম করতে হয়েছে। রিয়াল সবসময় সেরা ফুটবলারদের নিয়ে কাজ করে। আজ এমবাপেকে সবাই ভুলে গেছে। এটি ভুলে যাওয়ায় ভালো। কিছুই ঘটেনি, আমাদের একটি দুর্দান্ত মৌসুম শেষ হল। এখন কেবল উদযাপনের সময়।’







