ক্রিকেট

হাসান-খালেদের দারুণ পারফরম্যান্সে শীর্ষ বিভাগে ফিরল কেন্ট

কাউন্টি চ্যাম্পিয়নশিপ

হাসান-খালেদের দারুণ পারফরম্যান্সে শীর্ষ বিভাগে ফিরল কেন্ট

কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাদের নজরকাড়া পারফরম্যান্সের পর কাঙ্ক্ষিত সাফল্য পেল কেন্ট। ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে এক মৌসুম পর কাউন্টি চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্তর ডিভিশন ওয়ানে ফিরেছে দলটি।

শনিবার মৌসুমের শেষ ম্যাচে গ্লস্টারশায়ারকে ৮ উইকেটে হারিয়ে ডিভিশন টু-এর পয়েন্ট তালিকায় কেন্টের দ্বিতীয় স্থান নিশ্চিত হয়। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই মিডলসেক্সের কাছে নর্দাম্পটনশায়ারের পরাজয়ে নিশ্চিত হয়ে যায় কেন্টের প্রমোশন।

১৪ ম্যাচে কেন্টের সংগ্রহ ১৯৮ পয়েন্ট। ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দাম্পটনশায়ারের আর কেন্টকে টপকে যাওয়ার সুযোগ নেই। ডিভিশন টু-এর চ্যাম্পিয়ন হয়েছে ডারহাম।

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির এই প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে। আট দলের ডিভিশন টু থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পরের মৌসুমে ১০ দলের ডিভিশন ওয়ানে খেলার সুযোগ পায়। অন্যদিকে ডিভিশন ওয়ানের নিচের দুটি দল নেমে যায় দ্বিতীয় স্তরে।

কেন্টের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের দুই পেসার হাসান ও খালেদ। বিসিবির ডাকে দেশে ফেরার আগে কেন্টের হয়ে চার ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। মৌসুমের শেষ দিকে কেন্টে যোগ দেওয়া খালেদ আহমেদও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের ৭ উইকেটের জয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। সেই জয় প্রমোশনের দৌড়ে কেন্টকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

গ্লস্টারশায়ারের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচেও ভালো করেছেন খালেদ। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন বাংলাদেশ পেসার। সবমিলিয়ে খালেদ ৩ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন।

বিষয়:কাউন্টি চ্যাম্পিয়নশিপকেন্টখালেদগ্লস্টারশায়ারলিড স্পোর্টসহাসান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…