জনপদ

চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দিল কন্যা

চুরির অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবার মুখে খাবার তুলে দিল কন্যা

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে ছিঁচকে চুরির অপবাদে অনিক সরদার নামে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর তার মেয়ের খাবার খাওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করেন। পরে তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে অনিকের ছোট মেয়ে। সারারাত বাবাকে না খেয়ে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকতে দেখে তার জন্য বাজারের একটি দোকান থেকে রুটি ও চা নিয়ে আসে শিশুটি।

পরে খুঁটির সঙ্গে বাঁধা বাবার মুখে নিজের হাতে রুটি তুলে দিতে দেখা যায় তাকে। বাবার প্রতি মেয়ের এই মমতার দৃশ্যটি সেখানে থাকা এক যুবক ভিডিও করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি দেখে অনেকেই শিশুটির বাবার প্রতি ভালোবাসা ও মমতার প্রশংসা করছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই ও কাউকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।

এ ঘটনায় অনিক সরদারের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:খুঁটির সঙ্গে বেঁধে রাখাচুরির আপবাদবামরাইল বাজার
প্রতিবেদক

সাঈদ পান্থ

বরিশাল প্রতিনিধি

আরও →
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…