রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট বানাতে দেখা গেছে মানুষের ঢল। সাধারণত গড়ে ৮০ থেকে ১০০টি পাসপোর্টের আবেদন জমা পড়লেও এখন তা দৈনিক ২০০ তে গিয়ে পৌঁছেছে। গ্রাহকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ।
চলতি আগস্ট মাস জুড়ে রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকের উপচে পড়া ভিড় দেখা গেছে। এই গ্রাহকদের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী মানুষ।
জানা গেছে, নতুন পাসপোর্ট কিংবা নবায়নে নতুন করে ডাটা এন্ট্রি করা হচ্ছে। ই-পাসপোর্টের জন্য চোখের আইরিশসহ ছবি তোলা হচ্ছে নতুন করে। প্রতিটি কাজে গড়ে পাঁচ থেকে ১০ মিনিট সময় লাগছে। এর মধ্যে সার্ভার ডাউনসহ নানা ধরনের প্রযুক্তিগত বিড়ম্বনাও আছে। অধিক সংখ্যক গ্রাহক আসায় হিমশিম খেতে হচ্ছে রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের।







