বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর ক্রয় পরিদপ্তরের পরিচালক প্রকৌশলী মো. নান্নু মিয়াকে অফিস কক্ষে ঢুকে পিস্তল দেখিয়ে গুলি করে হত্যার হুমকি দিয়েছে একজন সন্ত্রাসী। মতিঝিলের ওয়াপদা ভবনের ১০ তলায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আজ ২৫ জুন বুধবার পিডিবি সূত্রে জানা গেছে, এক ব্যক্তি জোরপূর্বক পরিচালক (ক্রয়) মো. নান্নু মিয়ার কক্ষে প্রবেশ করে তাকে সরকারি কাজে বাধা প্রদান করে এবং এস কমার্শিয়াল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানের বিপক্ষে পূর্বে গঠিত কমিটির প্রতিবেদনে স্বাক্ষর না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।
জিডি সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আনিস নাম ব্যবহার করে নিজেকে এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের মো. সাইফুল ইসলামের পক্ষ থেকে এসেছে বলে দাবি করে। কথাকাটাকাটির একপর্যায়ে সে পিস্তল বের করে পরিচালককে গুলি করে হত্যার হুমকি দেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।
এসময় মেসার্স টেকনোটেক কোম্পানির খালেদ নামের একজন এবং মাস্ক পরা অপর একজন ব্যক্তি পরিচালকের কক্ষের বাইরে অবস্থান করছিলেন। ঘটনার পর বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় পিডিবির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে।







