সাউথ আফ্রিকা সিরিজে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সিরিজ হারের ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার মুখে পড়েছে দলটি। পাঁচ পয়েন্ট কেটে রাখার পাশাপাশি ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে শান মাসুদদের। ২০২৩-২৫ চক্রে মোট ১৩ পয়েন্ট জরিমানা গুণতে হল পাকিস্তানকে।
ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন পাকিস্তানের উপর জরিমানা আরোপ করেন। অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেরা ও নীতিন মেনন এবং থার্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, ফোর্থ আম্পায়ার স্টিফেন হ্যারিস ম্যাচ শেষে রিপোর্ট দেন। পাকিস্তান অধিনায়ক শান মাসুদ জরিমানা মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়ছে না।
সাউথ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত সময়ের চেয়ে পাঁচ ওভার পিছিয়ে থাকায় পাঁচ পয়েন্ট কাটা হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই পয়েন্ট এবং ২০২৪-এ বাংলাদেশের বিপক্ষে ছয় পয়েন্ট হারাতে হয়েছিল দলটিকে।
মোট ১৩ পয়েন্ট হারিয়ে পাকিস্তানের এখন ৪৮-এর পরিবর্তে ৩৫ পয়েন্ট দাঁড়িয়েছে। নয় দলের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে পাকিস্তানের অবস্থান আটে। সবার শেষে আছে এক সময়ের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের অবস্থান পাকিস্তানের চেয়ে একধাপ উপরে সাতে।






