বাবর আজমকে বাদ দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ডাকা হয় কামরান গুলামকে। মুলতানে অভিষেক রাঙিয়েছেন ২৯ বর্ষী অলরাউন্ডার। তুলে নিয়েছেন সেঞ্চুরি। যাতে ভর করে প্রথমদিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছে পাকিস্তান।
টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ১৯ রানে টপঅর্ডারের দু’ব্যাটারকে হারায়। সাইম আয়ুবকে নিয়ে হাল ধরেন চারে নামা কামরান। তৃতীয় উইকেট জুটিতে ১৪৯ রান তোলেন দুজনে।
দলীয় ১৬৮ রানে সাইম ফিরে গেলে জুটি ভাঙে। ১৭৮ রানে সৌদ শাকিলের উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে এগিয়ে যান কামরান। দলের দুইশ রান পার করে সেঞ্চুরিও করেন। ২৪৩ রানে কামরান ফিরে গেলে জুটি ভাঙে। ২২৪ বলে ১১৮ রান করেন অভিষিক্ত কামরান।
পরে সালমান আঘাকে সঙ্গী করে দিনের বাকি সময় কাটান রিজওয়ান। দ্বিতীয় দিনে রিজওয়ান ৩৭ রানে এবং সালমান ৫ রানে ব্যাটে নামবেন।
ইংল্যান্ডের হয়ে জ্যাক লিচ দুটি উইকেট নেন। শোয়েব বশির, ম্যাথিউ পটস ও ব্রাইডন কার্স একটি করে উইকেট নেন।
এর আগে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে পরাজয় দেখে পাকিস্তান।







