অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটি হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে মোহাম্মদ রিজওয়ানের দল। তৃতীয় ম্যাচ রূপ নেয় ফাইনালে। রোববার ৮ উইকেটে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। অজিদের মাঠে ২২ বছর পর সিরিজ জয়ের স্বাদ পেল দলটি।
পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে রোববার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নেমে গত দুই ম্যাচের মতো ব্যাটিং ধসে পড়ে স্বাগতিকরা। ৩১.৫ ওভারে ১৪০ রানে সব উইকেট হারায় জশ ইংলিশের দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে এটি অজিদের সর্বনিম্ন সংগ্রহ। জবাবে ২৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।
ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ২০ রানে জেক ফ্রেজার-ম্যাকগার্কের উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। নিয়মিত বিরতিতে একের পর উইকেট তুলে নেন পাকিস্তানের দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
অজিদের হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে শন অ্যাবোটের ব্যাটে। ওপেনার ম্যাথিউ শর্ট ২২, অ্যারন হার্ডি ১২, অ্যাডাম জাম্পা ১৩ ও স্পেন্সার জনসন ১২ রানে অপরাজিত থাকে। বাকিদের কেউ দুঅঙ্কের ঘর পার করতে পারেননি।
পাকিস্তানের হয়ে শাহীন-নাসিম ৩টি করে উইকেট নেন। হারিস রউফ দুটি ও মোহাম্মদ হাসনাইন নেন এক উইকেট।
অজিদের দেয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে বেগ পেতে হয়নি পাকিস্তানকে। দ্বিতীয় ওয়ানডের মতো দেখেশুনে শুরু করেন দুই ওপেনার সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। উদ্বোধনী জুটিতে তারা ৮৪ রান তোলেন। দুজনেই ফেরেন পরপর, ল্যান্স মরিসের একই ওভারে। সাইম ৪২ এবং শফিক করেন ৩৭ রান।
বাবর আজম-রিজওয়ানের ৫৮ রানের জুটিতে সফরকারীদের জয় নিশ্চিত হয়। বাবর ২৮ ও রিজওয়ান ৩০ রানে অপরাজিত থাকেন।
আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুদলের দ্বিপাক্ষিক সিরিজে সর্বশেষ ২০০২ সালে জিতেছিল পাকিস্তান। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের অপেক্ষা করতে হল ২২ বছর।








