চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এম. টি ‘বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। পাশপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার সংবাদমাধ্যমে পাঠানো নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এটি জানানো হয়।
শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা জানার সাথে সাথে দ্রুত আটকে পড়া নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন এবং রাতভর দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটর করেন উপদেষ্টা।
জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) তেল পরিবহনের ট্যাংকার। এসময় ৪৭ জন ক্রু-কে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধারকারী দল। সমুদ্রে ঝাঁপ দেওয়া আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
উপদেষ্টা আকস্মিক দূর্ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নিমিত্ত তদন্ত কমিটি গঠনের জন্য বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দিয়েছেন।








