রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

পাহাড়ধসের কারণে রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরানোর জন্য মাইকিং করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ধসে লক্ষী বিলাস চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের আশঙ্কায় জেলার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করে সতর্ক করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুকে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন লক্ষী বিলাস চাকমা।
খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানিয়েছে, টানা বৃষ্টির কারণে উপজেলার কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে, শুধু বাঘাইছড়ি নয়, রাঙ্গামাটি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায়ও পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক মাইকিং চালানো হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে রয়েছে ১১টি আশ্রয়কেন্দ্র।
রাঙ্গামাটি পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড়ধসপ্রবণ ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতি হলে এসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।






