পশ্চিম ওড়িশার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রুচিস্মিতা গুরুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার এক আত্মীয়ের বাড়ি থেকে। সোমবার বিকেলে বালঙ্গির জেলার সেই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।
সম্প্রতি সেই আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন রুচিস্মিতা। সম্পর্কে অভিনেত্রীর চাচা হন সেই আত্মীয়। সেই বাড়ির মানুষেরা খবর দেয়ার পর বালঙ্গির টাউন পুলিশ সেখানে যায় এবং তার মৃতদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় দেহ। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার পাওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট।
প্রয়াত অভিনেত্রীর মা গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার আগে মেয়ের সাথে রান্না প্রসঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার। এটা নিয়ে মা-মেয়ের ঝগড়া চলেছে বেশ অনেকক্ষণ। এরপর রুচিস্মিতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রয়াত অভিনেত্রীর মা জানান, এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন রুচিস্মিতা।
পুলিশের তরফ থেকে পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। কেন হঠাৎ এই অভিনেত্রী এমন এক চরম পদক্ষেপ নিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল









