আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। রাতেই দেশে ফিরছেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবার পুনেতে চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে নামবে টিম টাইগার্স। ম্যাচের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের কোনো বিকল্প নেয়ার কথা এখনও জানায়নি বিসিবি।
আসরে ৭ ম্যাচ খেলেছেন সাকিব। চোটে ভারতের বিপক্ষে খেলতে পারেননি। ব্যাট হাতে করেছেন ১৮৬ রান। বল হাতে শিকার ৯ উইকেট। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নেয়ার পাশাপাশি ৬৫ বলে ৮২ রান করে জয়ে ভূমিকা রেখে হন ম্যাচসেরা।
ভারতের বিপক্ষে সাকিবের অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।







