স্বল্প পুঁজি নিয়ে বোলিং আক্রমণ দিয়ে জমজমাট ম্যাচ উপহার দিতে পারছে না পাকিস্তান। মাত্র ১৯২ রানের জয়ের লক্ষ্যে দ্রুতগতিতে ভারত এগিয়ে চলেছে। বাইশ গজে ঝড় তুলে ফিফটি পেয়েছেন রোহিত শর্মা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টিম ইন্ডিয়ার সংগ্রহ ১৫ ওভারে ২ উইকেটে ১১১ রান। রোহিত ৪২ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬১ ও শ্রেয়াস আয়ার ১৯ বলে ২ চারে ১৬ রানে ক্রিজে আছেন।
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠায় একাদশে ফেরা শুভমান গিল শুরুতেই রানের গতি বাড়িয়ে নিয়েছিলেন। অতি আক্রমণাত্মক হতে গিয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হন। শাহিন শাহ আফ্রিদির বলে শাদাব খানের দারুণ ক্যাচে ১১ বলে ৪টি চারে গিল ১৬ রানে ফেরেন।
রোহিতের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৬ রান যোগ করেন বিরাট কোহলি। ভারতীয় অধিনায়কের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট থেকে রক্ষা পেলেও কোহলি ১৬ রানের বেশি করতে পারেননি। হাসান আলীর বলে মোহাম্মাদ নেওয়াজ ক্যাচ নিলে ১৮ বলে ৩ চারের ইনিংসটি থামে।
এর আগে ভারতীয় বোলারদের তাণ্ডবে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৪২.৫ বলে ১৯১ রানেই অলআউট হয় । এক পর্যায়ে বাবর আজমের দলের স্কোর ছিল ২ উইকেটে ১৫৫ রান। সেখান থেকে আকস্মিকভাবে ব্যাটিংয়ে ধস নামে। মাত্র ৩৬ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিফটি হাঁকানো বাবর ৫৮ বলে ৭ চারে খেলেন ৫০ রানের ইনিংস। অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে থাকতে মোহাম্মাদ রিজওয়ান আউট হন।
ভারতের পক্ষে বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও জাদেজা দুটি করে উইকেট শিকার করেন।







