বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই ব্যাট হাতে টাইগার ওপেনাররা ব্যর্থ হয়েছে। তবে ওপেনিং জুটি নিয়ে চিন্তা করতে নিষেধ করেছেন টাইগার সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগার্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মলনে অধিনায়ক সাকিব আল হাসানের প্রতিনিধি হয়ে আসেন ডেপুটি শান্ত। যেখানে কথা বলেছেন নানা বিষয়ে।
আসরের প্রথম দুই ম্যাচে ওপেনিং ব্যাটারদের ব্যর্থতার বিষয়টি জানতে চাওয়া হলে ওপেনিং নিয়ে চিন্তা করতেই মানা করেছেন শান্ত। বলেছেন, ‘ওপেনিং নিয়ে চিন্তাই না করি, মানে চিন্তাটা বাদ দিয়ে দেই। যারা টপঅর্ডারে ব্যাট করছে তারা সবাই ভালো প্রস্তুতি নিয়েই এসেছে।’
‘আমার মনে হয়, একটা-দুটা ভালো ইনিংস ব্যাটসমানদের কনফিডেন্স বাড়াবে। দলের কেউই এমন না, যে রিলাক্সে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে, আশা করছি সামনের ম্যাচ থেকে টপঅর্ডার থেকে ভালো স্কোর আসবে।’








