প্রোটিয়াদের দেয়া হিমালয়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধস টাইগার ব্যাটিং লাইনআপে। পাওয়ার প্লে-তে হারিয়েছে তিন ব্যাটারকে। পরে ফিরে গেছেন মুশফিক। শান্ত-সাকিবদের আসা-যাওয়ার হিড়িকে রানের চাকাতেও ধীরগতি পড়েছে বাংলাদেশ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে টাইগার বোলারদের পিটিয়ে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৮২ রানের বড় সংগ্রহ গড়েছে সাউথ আফ্রিকা।
জবাবে নেমে ১০ ওভারে ৩ উইকেটে ৩৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেটে ৪৬ তুলেছে টিম টাইগার্স। লিটন দাস ৩২ বলে ১৪ রানে ও মাহমুদউল্লাহ রিয়াদ ১ বলে ৪ রানে ক্রিজে আছেন। মুশফিকুর রহিম ১৭ বলে ৮ রানে ফিরেছেন।
কিছুটা সাবধানী হয়ে শুরু করেছিল বাংলাদেশ। দেখেশুনে ব্যাট করছিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ৩০ রান তোলেন দুজনে।
সপ্তম ওভারে জোড়া আঘাত হানেন মার্কো জানসেন। ওভারের প্রথম বলে তানজিদকে ফেরান জানসেন। ১৭ বলে ১২ রান করছেন তানজিদ। দ্বিতীয় বলে ব্যাটে আসেন নাজমুল হোসেন শান্ত। লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক হেইনরিখ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রানের খাতা না খুলেই।
শান্ত’র ‘গোল্ডেন ডাক’র পর টিকতে পারেননি সাকিব আল হাসানও। পরের ওভারে লিজার্ড উইলিয়ামসের শিকার হন সাকিব। ৪ বল খেলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ১ রান।







