এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার প্রভাব আইসিসি প্রকাশিত ওয়ানডে র্যাঙ্কিংয়ে পড়েছে। এক ধাপ নিচে নেমে বর্তমানে র্যাঙ্কিংয়ের আট নম্বরে অবস্থান করছে সাকিব আল হাসানের দল। ৩২ ম্যাচে দলটির বর্তমান রেটিং পয়েন্ট ৯২।
টাইগারদের টপকে সাত নম্বরে উঠেছে এশিয়া কাপের ফাইনালের টিকিট কাটা শ্রীলঙ্কা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট এখন ৯৩।
লঙ্কানদের বিপক্ষে হেরে এশিয়া কাপের ফাইনালের আগে বিদায় নেয়া পাকিস্তান পেয়েছে দুঃসংবাদ। শীর্ষে থাকা বাবর আজমের দল দুই ধাপ নিচে নেমে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছে।
সাউথ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ১১৮ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। ১১৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত।







