সিলেট টেস্টের পঞ্চম দিনের সকালে অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ফিফটি পেরিয়ে নাঈম হাসানের বলে ডিপ ফাইন লেগে তাইজুল ইসলামের দারুণ ক্যাচে ফিরেছেন কিউইদের শেষ স্বীকৃত ব্যাটার ড্যারেল মিশেল। দেশের মাটিতে কিউইদের প্রথমবার টেস্টে হারাতে টাইগার প্রয়োজন আর দুটি উইকেট।
নিউজিল্যান্ড এখনো ২০০ রানে পিছিয়ে আছে। ৩৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১১৩ রান তুলতেই গতকাল শুক্রবার চতুর্থ দিনে ৭ উইকেট হারায় সফরকারীরা। অষ্টম উইকেট হারিয়েছে ১৩২ রানে।
১২০ বলে ৭টি চারে ৫৮ রান করেছেন মিশেল। ইস সোধির সঙ্গে অষ্টম উইকেট জুটির ৩০ রানই দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ জুটি কিউইদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে আরো একটি টেস্ট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়গুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়েছিল তাদেরই ঘরের মাঠে।







