২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের মিশনে আরও একধাপ এগিয়ে গেলেন সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচ। ইউএস ওপনে এককে চতুর্থ রাউন্ডে জয় তুলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন জোকো। জয়ে চলতি বছরে সকল মেজর টুর্নামেন্টের কোয়ার্টারে পৌঁছালেন তিনি।
সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে একই বছরে রেকর্ড চারটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ৩৮ বছরের জোকো।
চোট সঙ্গী করে জোকোভিচ নামেন ময়দানে। চতুর্থ রাউন্ডে জার্মান জ্যান-লেনার্ড শার্ফের বিপক্ষে ৬-৩, ৬-৩, ৬-২ সেটে জয় তুলে নেন ৩৮ বর্ষী নোভাক। পা রাখেন নিজের রেকর্ড ৬৪তম গ্র্যান্ড স্লাম কোয়ার্টার ফাইনালে।
জোকোভিচকে সেমিফাইনাল নিশ্চিতে পরের ম্যাচে বিশ্বর্যাঙ্কিংয়ে চারে থাকা টেইলর ফ্রিটজের বিপক্ষে লড়তে হবে। যুক্তরাষ্ট্রের ফ্রিটজ চতুর্থ রাউন্ডে চেক রিপাবলিকের থমাস ম্যাকাককে ৬-৪, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে কোয়ার্টারে এসেছেন।
ম্যাচশেষে নোভাক বলেছেন, ‘ম্যাচটি আমার মাঝে অনেক স্পৃহা জাগিয়েছে। ঘাড়ের চোট নিয়ে সাহসিকতার সাথে খেলেছি। যা আমার কাছে আসরের সবচেয়ে ভালো পারফরম্যান্স। আশা করছি ধারাবাহিকতা বজায় রাখতে পারব।’







