চোটের কারণে টানা একবছর ফুটবলের বাইরে ছিলেন নেইমার জুনিয়র। চলতি মাসের শুরুর দিকে আল হিলাল জার্সিতে ফিরেছিলেন, দুই ম্যাচ পর আবারও চোটে ৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ৩২ বর্ষী ব্রাজিলিয়ান তারকা।
আলোচনায় আছে, চুক্তি শেষে সৌদি প্রো লিগের দল আল হিলাল ছেড়ে স্বদেশি ক্লাব পালমেইরাসে যোগ দিতে পারেন নেইমার। তবে ক্লাবটির সভাপতি লেইলা পেরেইরার কথা শুনে সেই আলাপ থেমে যাওয়ারই কথা। নেইমারের সঙ্গে চুক্তিতে না আসার কথাই জানিয়েছেন তিনি।
নেইমার প্রসঙ্গে পেরেইরা বলেছেন, ‘পালমেইরাসের হয়ে খেলবেন না নেইমার। এই ক্লাব কোনো চিকিৎসাকেন্দ্র নয়। আমি এমন খেলোয়াড় চাই যারা আগামীকাল খেলতে প্রস্তুত, যদি কোচের প্রয়োজন হয়। যে খেলোয়াড় মাঠে নামতে পারবেন না আমরা তার সঙ্গে চুক্তি করব না।’
খোঁচা দিয়ে কথা বলার পর অবশ্য নেইমারকে নিয়ে প্রশংসাও করেছেন,, ‘সে অনেক বড় খেলোয়াড়। তবে এখানে আসবে না, সান্তোসে (সাও পাওলোয় নেইমারের শৈশবের ক্লাব) যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’







