সিকান্দার’ ছবির পর ফের এক নতুন লুকে হাজির হলেন বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে, ‘দাবাং’ খ্যাত এই অভিনেতা নিজের চেহারার আমূল পরিবর্তন এনেছেন। ছবিটি শেয়ার করেছেন ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সাজন।
ছবিতে সালমানকে দেখা গেছে কালো টি-শার্ট, গলায় চেন, হাতে আংটি ও একেবারে নতুন হেয়ারস্টাইলে। তার এই ঝকঝকে ও ফিট লুক দেখে অনেকেই বিস্মিত। ভক্তদের অনেকেই মন্তব্য করেছেন, তাকে দেখে যেন ২০ বছর কম বয়সের মনে হচ্ছে!
সালমান সম্প্রতি নিজের ফিটনেসের প্রতি আরও মনোযোগী হয়েছেন। প্রায়ই তিনি ওয়ার্কআউটের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। এই নতুন চেহারা দেখে অনেকেই ধরে নিচ্ছেন, তিনি আসন্ন কোনো সিনেমার চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করছেন।
তথ্য অনুযায়ী, সালমানকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত একটি দেশাত্মবোধক ছবিতে, যার কেন্দ্রে থাকবে ‘গালওয়ান’ উপত্যকার ঘটনা। ছবিটি শহীদ কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এই চরিত্রটি সালমানের জন্য সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ভূমিকা হতে চলেছে, এমনটাই মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা।
সবকিছু ঠিক থাকলে ছবিটি আগামী বছর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।








