গত তিন দিন ধরে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অকল্যান্ড এবং আরো দক্ষিণে ওয়াইটোমো অঞ্চলে ঘোষিত জরুরি অবস্থা বহাল আছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।
ভয়াবহ এই বন্যা নিউজিল্যান্ডের অতিরিক্ত মাত্রায় আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
অকল্যান্ড বিমানবন্দর থেকে সকল ফ্লাইট চলাচল বাতিল করা হচ্ছে। নগরীর আশপাশের সমুদ্র সৈকতগুলো বন্ধ রাখা হয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ক্ষয়ক্ষতির হিসাব করছে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিনও ভারি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন টিভিএনজেডকে বলেছেন, “অকল্যান্ডজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় বহু সংখ্যক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ভূমিধসেও ক্ষয়ক্ষতি হয়েছে।”
বর্তমানে অন্তত ৩৫০ জন মানুষের জরুরি আশ্রয় দরকার বলে জানিয়েছেন তিনি।








