কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহের হাড় এবং মাথার খুলি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ভারতের সিআইডি। এজন্য ভারতের নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নিচ্ছে সংস্থাটি।
রোববার (২ জুন) ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, খালে নোংরা, ঘোলা এবং মাটি মিশ্রিত পানির কারণে ডুবুরিদের কাজ করতে সমস্যা হচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের লাশের অংশ বিশেষ উদ্ধারে তৎপর রয়েছে কলকাতার পুলিশ। আনারের হাড় ও খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে সিআইডি।
পশ্চিমবঙ্গের বাগজোলা খালের নোংরা, ঘোলা এবং মাটিমিশ্রিত পানি থেকে হাড় এবং মাথার খুলি উদ্ধারে ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্য নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সিআইডি।
সন্দেহভাজন খুনিদের একজন জিহাদ হাওলাদার। তার দেয়া তথ্য অনুসারে, আনারের দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ে পোলেরহাট থানা এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে। তবে, খালের পানি নোংরা, ঘোলা এবং মাটিমিশ্রিত। পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবেলা বাহিনীর ডুবুরিরা ওই পরিবেশে উদ্ধার কার্যক্রম চালিয়ে সফলতা পাচ্ছেন না। এজন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের চিন্তা করেন সিআইডির কর্মকর্তারা।
সিআইডির এক কর্মকর্তা জানান, উন্নত প্রযুক্তি রয়েছে নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাই তাদের ডুবুরি দিয়ে তল্লাশি চালালে আনারের দেহের কিছু অংশ উদ্ধার করা যেতে পারে।
ইতোমধ্যে নিউটাউনের বিলাসবহুল আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে যে মাংসপিণ্ড উদ্ধার হয়েছে, সেগুলো ওই সাংসদের কিনা, তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।








