সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ হজ ২০২৬ (১৪৪৭ হিজরি) মৌসুমে অংশগ্রহণকারী সব হাজিদের জন্য কঠোর টিকাদান ও শারীরিক যোগ্যতার শর্ত ঘোষণা করেছে। নতুন নির্দেশনায় জানানো হয়েছে, হজযাত্রী বা হজ কর্মীদের টিকা সংক্রান্ত নিয়ম অমান্য করলে সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।
আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে দ্য ইসলামিক ইনফরমেশন জানিয়েছে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, এ বছর সব হাজিদের জন্য কোভিড-১৯, মেনিনজোকোকাল মেনিনজাইটিস, পোলিও ও ইয়েলো ফিভার টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
বাধ্যতামূলক টিকাদান নিয়মাবলি
- কোভিড-১৯ টিকা সৌদি স্বীকৃত প্রস্তুতকারকের হতে হবে। সর্বশেষ ডোজ ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে নেওয়া থাকতে হবে এবং যাত্রার অন্তত দুই সপ্তাহ আগে সম্পন্ন করতে হবে।
- মেনিনজোকোকাল মেনিনজাইটিস টিকা নেওয়ার পাঁচ বছরের মধ্যে তা কার্যকর থাকবে, তবে সৌদিতে প্রবেশের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে।
- পোলিও টিকা যেসব দেশ পোলিও পর্যবেক্ষণাধীন তালিকায় রয়েছে, সেসব দেশের হাজিদের যাত্রার অন্তত চার সপ্তাহ আগে আইপিভি বা ওরাল পোলিও টিকা নিতে হবে এবং তা আন্তর্জাতিক টিকাদান সনদে উল্লেখ থাকতে হবে।
- ইয়েলো ফিভার টিকা উৎস দেশ যাই হোক না কেন, নয় মাসের বেশি বয়সী সব যাত্রীকেই নিতে হবে।
অসুস্থ হাজিদের জন্য নিষেধাজ্ঞা
সৌদি নির্দেশনায় বলা হয়েছে, যেসব ব্যক্তি গুরুতর স্বাস্থ্য জটিলতায় ভুগছেন, তাদের হজে অংশগ্রহণ অনুমোদন দেওয়া হবে না।
এদের মধ্যে রয়েছেন প্রধান অঙ্গ বিকল হার্ট কিডনি লিভার ইত্যাদি রোগী, জটিল দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তি, মানসিক বা স্নায়বিক রোগী, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ক্যান্সারের চিকিৎসাধীন রোগী।
নির্দেশনায় আরও বলা হয়েছে, শারীরিকভাবে অক্ষম বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের হজে অংশ নিতে দেওয়া হলে তা তাদের জীবন এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। তাই এসব ক্ষেত্রে চিকিৎসা যাচাই ও অনুমোদন প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে।
শর্ত না মানলে শাস্তি
নতুন নীতিমালা অনুযায়ী, যেসব যাত্রী প্রযোজ্য টিকা বা স্বাস্থ্যসনদ দেখাতে ব্যর্থ হবেন, তাদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা, পৃথকীকরণ বা অতিরিক্ত স্বাস্থ্য পরীক্ষার মুখোমুখি হতে হবে। সৌদি সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশে অংশ নেওয়া কোটি হাজির নিরাপত্তা ও জনস্বাস্থ্য নিশ্চিত করা।







