আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও বাস্তবতা বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও আমাদের জীবন (কুরআন, হাদিস ও বাস্তবতার আলোকে) শীর্ষক একটি নতুন গ্রন্থ। বইটি রচনা করেছেন মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্ঞানকোষ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়। ২০২৬ সালের প্রথম প্রকাশনা হিসেবে এটি ২৬৬ পৃষ্ঠার বাংলা ভাষার একটি প্রবন্ধধর্মী গ্রন্থ।
গ্রন্থটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুমাত্রিক প্রভাব কেবল প্রযুক্তিগত বা সামাজিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং কুরআন, হাদিস এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করা হয়েছে। সময়ের অপচয়, নৈতিক অবক্ষয়, পারিবারিক দূরত্ব, বিভ্রান্তিকর তথ্যের বিস্তার এবং তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাবসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় এতে তুলে ধরা হয়েছে।
একইসঙ্গে বইটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইতিবাচক ব্যবহার—বিশেষ করে জ্ঞানচর্চা, কল্যাণমূলক কার্যক্রম এবং দাওয়াহর ক্ষেত্রেও এর সম্ভাবনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি অপব্যবহার থেকে ব্যক্তি ও সমাজকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সচেতনতার দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।
বর্তমান প্রজন্ম, অভিভাবক, শিক্ষক, দাঈ, খতিব এবং গবেষকদের জন্য বইটি বিশেষভাবে উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটি শুধু একটি পাঠ্যগ্রন্থ নয়, বরং সময়ের প্রেক্ষাপটে আত্মসমালোচনা ও সচেতনতার একটি গুরুত্বপূর্ণ আহ্বান হিসেবেও বিবেচিত হচ্ছে। বইটি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ও ওয়াফিলাইফে পাওয়া যাচ্ছে।







