ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়ানো গুজবের মধ্যে তার কফি পানের একটি ভিডিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ভিডিওটিকে এআই দিয়ে বানানো উন্নতমানের এক ডিপফেইক বলে দাবি করেছে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রক।
সোমবার ১৬ মার্চ ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংশ্লিষ্ট ক্যাফে কর্তৃপক্ষ এই দাবিকে ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অনেক সামাজিক মাধ্যম মিডিয়া ব্যবহারকারীর দাবি, ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি হয়েছে। গত সপ্তাহে নেতানিয়াহুর অন্য একটি ভিডিও প্রকাশের পর থেকে এ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। আগের ভিডিওটিতে দেখা গিয়েছিল তার হাতে ছয়টি আঙুল রয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ এবং তেহরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে পুরো উপসাগরীয় অঞ্চলে যখন অস্থিরতা বিরাজ করছে তখনই এ রহস্য দানা বাঁধে।
এর আগে প্রতিদিন গড়ে অন্তত একটি ছবি তার এক্স হ্যান্ডেলে প্রকাশিত হলেও কয়েক দিন ধরে সেটি হচ্ছে না। এরই মধ্যে ডিপফেইক ভিডিও এমন জল্পনা তৈরিতে হাওয়া দিচ্ছে যে, হয় তিনি মারা গেছেন, নয়ত এমনভাবে আহত হয়েছেন যে তার পক্ষে ক্যামেরার সামনে আসা সম্ভব নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেল থেকে ব্যাঙ্গাত্মক এক ভিডিও শেয়ারের পর এ আলোচনা আবার শুরু হয়। ভিডিওটিতে তাকে একটি রাস্তার ধারের ছোট দোকানে কফি অর্ডার করতে দেখা যায়। একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর নিজস্ব এআই চ্যাটবট গ্রক এ কফির দোকানের ভিডিওটিকে ‘এআই দিয়ে তৈরি’ কনটেন্ট হিসেবে চিহ্নিত করেছে।
কফি শপের ভিডিওটি নিয়ে যা জানা গেল-
রোববার নিজের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবকে উপহাস করেছেন নেতানিয়াহু। এরপর তিনি এক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে ইসরায়েলের জেরুজালেম হিলসের ‘সাতাফ’ ক্যাফেতে কফি অর্ডার করতে দেখা যায়।
ভিডিওতে তাকে কফি বিক্রেতার উদ্দেশে বলতে শোনা যায়, ‘চমৎকার, ধন্যবাদ।’ এরপর তিনি ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি আমাকে কী জিজ্ঞেস করলে?’
যখন তাকে বলা হয় যে সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রচার হচ্ছে তখন নেতানিয়াহু রসিকতা করে বলেছেন, ‘আমি এক কাপ কফির জন্য মরে যাচ্ছি’।
‘জানেন তো, আমি আমার দেশের মানুষের জন্যও পাগল। তারা দুর্দান্ত কাজ করছে। আপনারা আঙুলের সংখ্যা গুনতে চেয়েছিলেন তো? এই যে এখানে দেখুন (বাঁ হাত তুলে) এবং এখানেও দেখুন (ডান হাত তুলে)। দেখলেন তো!’
ভিডিওটি সেইসব সংবাদ প্রতিবেদনের একটি জবাব, যেখানে দাবি করা হয়েছিল, নেতানিয়াহু মারা গেছেন এবং তার একটি ভিডিওতে বাম হাতে এআই ভুল করে ছয়টি আঙুল বসিয়ে দিয়েছে।
কফির কাপটি উঁচিয়ে ধরে ভিডিওর শেষে নেতানিয়াহু বলেছেন, ল’চাইম, এই হিব্রু শব্দের মানে ‘জীবনের জয় হোক’।
ডিপফেইক হওয়ার দাবি
এক্স-এর এআই চ্যাটবট গ্রক ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে দাবির পর তা নিয়ে আরও বিতর্ক তৈরি হয়।
গ্রকের দাবি, ভিডিওটি এআই দিয়ে তৈরি নেতানিয়াহুর একটি ডিপফেইক ভিডিও, যেখানে তাকে ক্যাজুয়াল ভঙ্গিতে কফি শপে বসে ইরান/লেবানন অভিযান ও সুরক্ষিত এলাকা নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। বাস্তবে এমন কোনো ঘটনার অস্তিত্ব নেই। মূল পোস্টে স্পষ্টভাবে একে উন্নতমানের অপ্রকাশিত এআই বলা হয়েছে।
সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরাও এ ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং একে ‘স্পষ্টত এআই ভিডিও’ বলে বর্ণনা করেছেন।
ভিডিওর কিছু ক্লোজ আপ শট শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, জাদুকরী পকেট… কাপের ভেতর মহাকর্ষকে হার মানানো কফি… কাউন্টারের পেছনে মাস্ক পরা কাস্টমার। ভালো চেষ্টা… কিন্তু এটি আসল নেতানিয়াহু নয়।
অন্য একজন এক্স ব্যবহারকারী দাবি করেছেন, এই এআই ভিডিওতে দেখা যায় কফির দিকে তাকানোর পর নেতানিয়াহুর মুখের আকৃতি বদলে যাচ্ছে। প্রথমে মুখটি গোল দেখালেও পরে তা ডিম্বাকার হয়ে যায়।
গ্রক এই দাবিকেও সমর্থন করেছে। আরেক ব্যবহারকারী বলেছেন, ভালো করে তাকিয়ে দেখুন, কফির মগ কাত হয়ে কফি উপচে পড়ার কথা, কিন্তু পড়ছে না। এই ভোজবাজি এআই ছাড়া সম্ভব?
অন্য এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে চ্যাটবটটি লিখেছে, হ্যাঁ, ১০০ ভাগ নিশ্চিত ভিডিওটি উন্নত এআই ডিপফেইক। নেতানিয়াহু কি জনসম্মুখে কফি খেতে খেতে ইরান/লেবানন অভিযানের মতো গোপন বিষয় নিয়ে কথা বলবেন? এমন কোনো ঘটনা কোথাও ঘটেনি বা রিপোর্ট করা হয়নি। মূল পোস্টে একে অপ্রকাশিত এআই প্রযুক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেখতে বিশ্বাসযোগ্য মনে হলেও পুরো বিষয়টি কাল্পনিক।
ইসরায়েলের পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এসব গুজবকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহুর কার্যালয় বলেছে, এগুলো সব ভুয়া খবর, প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে, জেরুজালেমের সেই ‘সাতাফ’ ক্যাফে, অর্থাৎ যেখানে ভিডিওটি ধারণ হয়েছিল তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নেতানিয়াহুর কফি পানের কিছু ছবি পোস্ট করেছে।
এসব ছবির ক্যাপশনে ক্যাফে কর্তৃপক্ষ লিখেছে, আজ সাতাফ-এ প্রধানমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তাদের আপ্যায়ন করতে পেরে আমরা আনন্দিত! এখন তো আপনারা জানেনই, কোন বেকারিতে আপনাদের আসা উচিত।
সমস্যা একটাই। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারী বলেছেন, ওদের ওয়ালে গিয়ে দেখুন, সাম্প্রতিক সময়ে এই ঘটনা ছাড়া ওদের দোকানের কার্যক্রম নিয়ে তেমন কোনো পোস্ট নেই।








