মামা-ভাগ্নে’র মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মামার বাড়িতে হামলা ভাংচুর করেছে ভাগ্নে ও তার সহযোগিরা। সেসময় নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পাঁচধা এলাকার হাবিবুর রহমান ওরফে হবুল মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে ভাগ্নে কামরুলের। এ ঘটনায় সামাজিকভাবে বিভিন্ন সময় সমাধানের চেষ্টা করা হলেও তার সুরাহা হয়নি। বিরোধ সংক্রান্ত জমিতে ভাগ্নে কামরুল ঘর নির্মাণ করতে গেলে বিরোধ নিষ্পত্তি করে ঘর করার কথা বলেন মামা হবুল মিয়া। বিষয়টি গুরুত্ব না দিয়ে ক্ষমতার দাপটে জোরপূর্বক ঘর নির্মাণের কাজ শুরু করেন কামরুল।
গত ৫ মে এ ব্যাপারে আদালতের আশ্রয় নেন হবুল মিয়া। বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই পক্ষকে বিরোধপূর্ণ জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় আদালত। পরে আদালতের সেই আদেশ অমান্য করে জোরপূর্বক আবারও ঘর নির্মাণ কাজ শুরু করেন কামরুল।
এতে হবুল মিয়ার পরিবারের সদস্যরা বাধা দিলে ভাগ্নে কামরুল ও তার লোকজন হবুল মিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। সেসময় ঘর-বাড়ি ভাঙ্চুর ও নারীদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন হবুল মিয়া ও তার পরিবারের সদস্যরা। তবে হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন কামরুলের মা মর্জিনা। প্রথমে মারধরের বিষয় অস্বীকার করলেও পরে নানা প্রশ্নের মুখে তা স্বীকার করে নেন কামরুল।
গ্রাম্য সালিশে হবুল মিয়াকে জমির পরিবর্তে জমি দেয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে কাগজে কলমে সালিশের সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় ইউপি সদস্য আ. আজিজ। আর এ কারণে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি। এদিকে মারাধরের ঘটনার পর আইন-শৃঙ্খলাবাহিনী আবারও বিরোধপূর্ণ জমিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।







