এনবিআর কর্মকর্তা মাহমুদ আল হোসাইনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, তদন্তের দাবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা মাহমুদ আল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড ও রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া, নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের সমর্থনে প্রচার চালানো এবং বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগদান করেন মাহমুদ আল হোসাইন। অভিযোগকারীদের দাবি, চাকরিতে বহাল থাকা অবস্থায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়ভাবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের সমর্থনে পোস্ট ও শেয়ার করে আসছিলেন। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং ছাত্র-জনতার আন্দোলনের সংগঠকদের উদ্দেশ্য করে সমালোচনামূলক ও ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নীতি বা কর্মসূচি সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ এবং ব্যক্তিবর্গকে কেন্দ্র করে আপত্তিকর মন্তব্যের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি চাকরিতে কর্মরত ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ড বা প্রকাশ্য রাজনৈতিক প্রচারণায় অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর ২৫ নম্বর বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রগতির সঙ্গে সম্পৃক্ত হতে বা কোনো রাজনৈতিক বিষয়ে প্রকাশ্য মতামত ব্যক্ত করতে পারেন না। এ প্রেক্ষাপটে তার এসব কর্মকাণ্ড সরকারি চাকরির আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিতের বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। এই পরিস্থিতিতে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি এনবিআরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য মাহমুদ আল হোসাইনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।



