অধ্যক্ষ নিখিল রায়কে সভাপতি ও বিজন চক্রবর্ত্তীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুমিল্লা শাখার কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) নগরীর ফয়জুন্নেছা স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শাখা সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জামাল নাছের, কেন্দ্রের প্রতিনিধি নাসেহুন আমিন ও আবুল ফারাহ্ পলাশসহ অন্যান্য গুণী ব্যক্তিরা।
সংগঠনটি জানায়, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রসঙ্গীত তথা রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম চর্চার প্রতি ভালোবাসা তৈরিই এ সম্মেলনের মূল লক্ষ্য।
কুমিল্লা শাখার রবীন্দ্রসঙ্গীত শিল্পী রুমা নাথ ও মিতা পালের সঙ্গীত পরিচালনায় সম্মেলনে ‘এ শুধু অলস মায়া’, ‘বজ্রমানিক দিয়ে’, ‘বুক বেঁধে তুই’, ‘ নীলঅঞ্জনঘন’ ইত্যাদি সম্মেলক গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানে একক গান পরিবেশন করেন ড. অসীম দত্ত, রুমা নাথ, মহুয়া মঞ্জরী, দীপ্র নিশান্ত, প্রমুখ। অনুষ্ঠান যন্ত্রাণুসঙ্গে ছিলেন এস্রাজে অসিত বিশ্বাস, তবলায় অনিক নন্দী, কী-বোর্ডে শ্যামাপ্রসাদ মজুমদার।







