জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এর বাস্তবায়ন কৌশল চূড়ান্ত না হওয়ায় কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সোমবার ১৫ সেপ্টেম্বর রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
মেয়াদ বাড়িয়ে আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘এস.আর.ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’
এদিকে বাস্তবায়ন কৌশল নির্ধারণে আগামী বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ঐকমত্য কমিশন।
এরআগে, গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কার্যক্রম শুরু করে। সে সময় কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল, যা গত ১৫ আগস্ট শেষ হয়।
ওই সময়ের মধ্যে সনদ প্রণয়ন কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
উল্লেখ্য, সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত দুই দফায় ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে। সেসব আলোচনা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে ১৬ আগস্ট জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া উপস্থাপন করা হয়। রাজনৈতিক দল মতামত ও বিশেষজ্ঞদের পরামর্শে ইতোমধ্যে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ চূড়ান্ত করা হয়েছে।
তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ রয়েছে। যা নিষ্পত্তির জন্য গত রবিবার ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সংলাপ হলেও সমঝোতায় পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। সমঝোতার লক্ষ্যে আগামী বুধবার আবারও দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন।






