জনপদ

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করছে, মৃতদেহের পাশে পুলিশ সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাহাত হোসেন: মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। নিহত সাগরিকা শহরের বটতলা এলাকার মজিবুর রহমানের স্ত্রী ও নিহত পারুল ডাসার উপজেলার বালিগাঁও গ্রামের ইয়াদ আলী মাতুব্বরের স্ত্রী।

শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে মাদারীপুর শহরের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে হঠাৎ চিৎকার শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। ঘরে ঢুকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে।

এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরও দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পারুলকেও মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার কারণ জানতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

তবে স্থানীয় সূত্র জানিয়েছে, ১ অক্টোবর সাগরিকা, সাগরিকার মা ও সাগরিকার মামা তিনজনে ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩ থেকে ৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোন খবর পাওয়া যাচ্ছে না।

দেশি ও বিদেশি মদ খেয়ে তারা অসুস্থ হয়ে মারা যায় বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে থানা পুলিশ। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্তে নেমেছে মাদারীপুর পুলিশ।

বিষয়:দুই নারী মাদারীপুর রহস্যজনক মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…