ভারত-পাকিস্তান সংঘাতের জেরে মাঝ পথেই স্থগিত হয় এবারের আইপিএল। এক সপ্তাহ বন্ধ থাকার পর শনিবার থেকে আবারও শুরু হতে চলেছে এবারের আসর। নতুন করে শুরু হওয়ার আগেই টুর্নামেন্টে দল পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন আসরের বাকি অংশে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার মোস্তাফিজের ছবি দিয়ে ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি জানিয়েছে, ‘দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে, কারণ জেক ফ্রেজার-ম্যাকগার্ক ব্যক্তিগত কারণে আইপিএলের বাকি অংশ থেকে সরে দাঁড়িয়েছেন।’
তবে ভারতের গণমাধ্যমগুলোতে খবর, নিরাপত্তাজনিত কারণে অন্য বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারত ছাড়েন দিল্লি ক্যাপিটালসের জেক-ফ্রেজার ম্যাকগার্কও। দিল্লির এই ব্যাটার আইপিএলের বাকি অংশের জন্য আর ফিরছেন না। তার বদলি হিসেবে বুধবার মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি। এর আগেও ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন তিনি।
আইপিএলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার অবশ্য মেগা নিলামে অবিক্রিত ছিলেন এই বাঁহাতি পেসার।
এর আগে ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ চলাকালীন সময়ে সাময়িকভাবে বন্ধ হয় আইপিএলের চলমান আসর।
২০২২ ও ২০২৩ আসরেও দিল্লির হয়ে খেলেছেন এই বাঁহাতি পেসার। দলটির হয়ে এবার তার সামনে সুযোগ তৃতীয় আসরে খেলার। যদি বিসিবি থেকে তাকে অনাপত্তিপত্র দেয়া হয়। অবশ্য নতূন সূচির আইপিএল বাংলাদেশের আসন্ন আন্তর্জাতিক সূচির সাথে সাংঘর্ষিক। আগামী ১৭ মে শুরু হয়ে আইপিএলের পর্দা নামবে ০৩ জুন। সেই সময়সীমার মধ্যে সব ঠিকঠাক থাকলে বাংলাদেশ থাকবে পাকিস্তান সফরে।
ইতোমধ্যে বুধবার সকালে আরব আমিরাত সফরের জন্য দুই দলে ভাগ হয়ে বাংলাদেশ ছাড়ছেন ক্রিকেটাররা। সকাল দশটার ফ্লাইটে ১০ জন ক্রিকেটার আরব আমিরাতে গেছেন, স্কোয়াডের বাকিরা ও কোচিং স্টাফের সদস্যরা যাবেন সন্ধ্যা ৭টার ফ্লাইটে। এই সফরের পরই পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের।








