এশিয়া কাপে বাংলাদেশের ভাগ্য আর কেবল নিজেদের হাতে নেই। হংকংয়ের বিপক্ষে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় হার খাদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগারদের। গ্রুপপর্বে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের তো বিকল্প নেই-ই, জিতলেও লিটন-হৃদয়দের তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে। টুর্নামেন্টে টিকে থাকতে আগে আফগানদের বিপক্ষে জয় আবশ্যক। সে পথে বিশ্বাস হারাতে চান না বাংলাদেশ দলের পাকিস্তানি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই।
টাইগারদের স্পিন কোচ মুশতাক আত্মবিশ্বাসী সুপার ফোরে খেলা নিয়ে। বললেন, ক্রিকেটারদের প্রতি বিশ্বাস রাখতে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই, সেই বিশ্বাস রাখতে হবে। কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে। আমারও এই বিশ্বাস আছে আমরা যাব সুপার ফোরে। অনেক যদি-কিন্তু সামনে, কিন্তু আমাদের ম্যাচ জেতার দিকেই মনোযোগ দিতে হবে।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় চ্যালেঞ্জটা হতে পারে স্পিন বিভাগ সামলানো। অধিনায়ক রশিদ খানের সাথে আছেন মোহাম্মদ গাজানফার ও নূর আহমেদ। আছেন মুজিব উর রহমানও। তারা প্রতিপক্ষ ব্যাটিং ইউনিটকে একাই গুঁড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন। মুশতাকও স্বীকার করছেন সেটা। বাংলাদেশের স্পিন বোলিং কোচের চাওয়া, স্কোরবোর্ডে ভালো একটা সংখ্যা।
‘তাদের স্পিন বিভাগ খুবই ভালো। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা যদি মাঝের ওভারে কাউন্টার অ্যাটাক করতে পারি ও ভালো স্কোর দিতে পারি তাহলে চ্যালেঞ্জ জানাতে পারব।’







