দলবদলের শীতকালীন মৌসুমে সৌদি ক্লাব আল নাসেরে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে লড়াই করছেন পর্তুগিজ মহাতারকা। তার ক্লাবও ইতিমধ্যে হারিয়েছে লিগের শীর্ষস্থান। এমন পরিস্থিতিতে সৌদি আরব ছাড়তে চাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো এমন দাবি করছে। প্রতিবেদনে বলেছে, সৌদি আরবের পরিবেশে মানিয়ে না নিতে পেরে রোনালদো ‘নিজেকে আধুনিক সমাজ থেকে অনেকদূরে’ মনে করছেন। সেইসঙ্গে আবারও ফিরতে চান ইউরোপে।
গত ডিসেম্বরের শেষে ২১৫ মিলিয়ন ইউএস ডলার রেকর্ড বেতনে আল নাসরে যান রোনালদো। চুক্তি করেছেন দুবছরের জন্য। সৌদি ক্লাবটিতে এখনও দেড় বছরের বেশি সময় চুক্তির মেয়াদ রয়েছে সিআর সেভেনের। স্প্যানিশ সংবাদমাধ্যমটির মতে, চুক্তি শেষ হওয়ার আগে ক্লাব ছেড়ে গেলে আল নাসেরকে বিশাল ক্ষতিপূরণ দিতে হবে রোনালদোর দিক থেকে।
এমনকি ফুটবলের সকল প্রতিযোগিতা থেকে চার মাসের জন্য নিষিদ্ধও হতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে সৌদি ক্লাবটির সাথে একটি সমাপ্তি চুক্তিতে পৌঁছাতে পারলে কোনো প্রতিক্রিয়া ছাড়াই চলে যেতে পারবেন।
আল নাসেরে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৭ ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ১৩টি। তার যোগ দেয়ার পর সৌদি প্রো লিগের শীর্ষস্থান হারিয়েছে আল নাসের। পাশাপাশি পথচ্যুত হয়েছে কিং কাপ অব চ্যাম্পিয়ন্স শিরোপার লড়াইয়ে।







