দুই হাজারের ও বেশী লোক সমাগমে আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিকালচারাল ফেস্টিভাল ২০২৪। ক্লনগ্রিফিনের ফাদার কলিনস পার্কে ৬ষ্ঠ বারের মত এই ইভেন্টটির আয়োজনে ছিল ডাবলিন সিটি কাউন্সিল, তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড, বেলামাইন কমিউনিটি গ্রুপ ও ক্লনগ্রিফিন কমিউনটি এসোসিয়েশন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, আয়ারল্যান্ডে বসবাসরত ৫০টিরও বেশী দেশের মানুষের অংশগ্রহন ছিল এই ফেস্টিভালে। রবিবার (১৯ মে) দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ফেস্টিভালে নানা ধরনের স্টল নিয়ে বসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
মাল্টিকালচারাল ফেস্টিভালটির প্রধান আয়োজক হিসেবে ছিলেন আয়ারল্যান্ড ভিত্তিক এনজিও তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ্যোক্তা বাংলাদেশী বংশদ্ভূত আইরিশ নাগরিক সাগর শামীম। কেন প্রতিবছর এই আয়োজন, সে সম্পর্কে তিনি বলেন যে,“আয়ারল্যান্ড এখন একটি ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, এখানে এখন বিশ্বের প্রায় সকল দেশেরই মানুষ কম বেশী বসবাস করেন। আমরা প্রতি বছর এখানে এই মাল্টিকালচারাল ইভেন্টটি আয়োজন করি, লোকাল কাউন্সিল ও লোকাল কমিউনিটি গ্রুপগুলো এ কাজে আমাদের সাহায্য করে। প্রতিবারের মত এবারেও এখানে ২ ০০০ এর ও বেশী লোকজনের সমাগম হয়েছে। ৫০টিরও বেশী দেশের মানুষ এখানে এসেছেন।”
ফেস্টিভালে উপস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কনসাল্টেন্ট পদে কর্মরত এবং বাংলাদেশ কালচারাল সেন্টার, আয়ারল্যান্ড পরিচালক রন্টি চৌধুরী ফেস্টিভাল সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন। মাল্টিকালচারাল ফেস্টিভালে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর, এমপি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








