ঈদে মুক্তি প্রতীক্ষিত ছয়টি সিনেমার প্রায় সবগুলোরই টিজার কিংবা ট্রেলার এসে পড়েছে। সবগুলোকে ছাপিয়ে মুক্তির পরপরই দর্শকদের সাড়ায় ‘প্রিন্স’–এর টিজার ইউটিউবে মুভি ট্রেন্ডিং চার্টের শীর্ষ পজিশনে রয়েছে।
দু’দিন আগেই প্রকাশ পায় ‘প্রিন্স’-এর টিজার। দেখা যায়, টিজারটি পুরোপুরি শাকিবময়। আগাগোড়াই ধুন্ধুমার অ্যাকশ্যান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো-মন্দ মিলিয়ে আলোচনা তৈরি করেছে।
শুক্রবার রাতে ইউটিউবের মুভিস ট্রেন্ডিং চার্টে শীর্ষে উঠে আসে টিজারটি। সিনেমা সংশ্লিষ্টরা বলছে, বিষয়টি প্রমাণ করে টিজারটি দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করতে পেরেছে!
এখন দর্শকরা টিজার পরবর্তী কনটেন্ট গুলো দেখার জন্য মুখিয়ে আছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, টিজারে থাকা সামান্য ভুল ত্রুটি আগামীতে শুধরে নিচ্ছেন।
শাকিব খান ছাড়াও প্রিন্সে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোর্তিময়ীসহ অনেকে। আসন্ন ঈদে দেশের সর্বাধিক সিনেমা হলে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বলেও নিশ্চিত করেন সিনেমাটির পরিবেশনায় জড়িত সংশ্লিষ্টজন।







