ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারের জন্য ২ লাখ ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মানবিক সহায়তা হিসেবে এই অর্থ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বিতরণ করা হবে।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে চীনের রেড ক্রস সোসাইটি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে ২ লাখ ডলার প্রদান করবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অর্থ নিহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা ও ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, স্কুল ও শিশুদের ওপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এটি মানবিক বিবেক ও নৈতিকতার সীমাকেও অতিক্রম করে। কঠিন এই সময়ে ইরানের জনগণের পাশে থাকতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।
উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিন মিনাব শহরের একটি প্রাইমারি স্কুলে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় নিহত অন্তত ১৬৫ জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।








