কক্সবাজারের টেকনাফে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (২০ মে) রাত ৮ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকানের সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বাজারের দক্ষিণের ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব মোহাম্মদ মনিরুল আজম (৫৪) টাঙ্গাইল জেলার ভুঁইয়াপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
তিনি টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই ) আবুল হোসাইন বলেন, রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী বাজার সংলগ্ন দক্ষিণের ব্রিজ এলাকায় কক্সবাজারমুখি একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে গেলে ট্রাকচাপা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহী এক ব্যক্তির মৃত্যু হয়।
আবুল হোসাইন আরও বলেন, বিকালে রাকিব রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষ করেন। পরে রাত ৮ টার আগ পর্যন্ত মোচনী বাজার এলাকায় পরিচিতিদের সাথে সময় কাটান। রাতে মোটরসাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে ফেরার সময় এ ঘটনা ঘটে।
আবুল হোসাইন বলেন, স্থানীয়রা জানিয়েছেন, বিকালে টেকনাফের বিভিন্ন এলাকায় অল্প বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের সময় কিছু পরিমাণ পানি মোচনী বাজারের দক্ষিণের ব্রিজের ওপর জমে থাকে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি সেখানে পৌঁছালে বৃষ্টির জমে থাকা পানিতে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর পড়ে ট্রাকচাপায় মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহতের মৃতদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে এখনো ঘটনাস্থলে রয়েছে এবং স্বজনদের সাথে যোগাযোগ চলছে বলে জানান তিনি।







