মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর নিহদের সংখ্যা বেড়ে ২,৮০০ জন ছাড়িয়েছে। আহত হয়েছেন ২হাজার ৫’শ জনের বেশি মানুষ। এখনো ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকে, চলছে উদ্ধার কাজ।
সিএনএন, জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর দক্ষিণ-পশ্চিমের মারাকেশ অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বিচ্ছিন্ন জনগোষ্ঠীতে পৌঁছানোর জন্য উদ্ধারকারীরা ঘড়ির কাঁটার বিপরীতে দৌড়াচ্ছেন।
মরক্কোর রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে ২,৮০০ এরও বেশি মানুষ নিহত এবং ২,৫০০ জন আহত হয়েছে। ভূমিকম্পটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মরক্কোর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রায় ২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির উত্তরাঞ্চলের শহর রাবাত থেকে দক্ষিণের সিদি ইফনি পর্যন্ত।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষিত প্রাচীন শহর মারাকেশ। বেশি মানুষের মৃত্যুও হয়েছে এ শহরে। ভূমিকম্পের কেন্দ্র জনপ্রিয় পর্যটন শহর মারাকেশ থেকে খুব বেশি দূরে ছিল না। শহরের অনেক বাসিন্দা রাস্তায় ঘুমাচ্ছেন, তারা তাদের বাড়িতে ফিরতে ভয় পাচ্ছেন। শহরের ঐতিহাসিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের পর মরক্কোর রাজা মোহাম্মদ ষষ্ঠ ক্ষতিগ্রস্ত জীবিতদের সাহায্য বিতরণের জন্য একটি ত্রাণ কমিশন গঠন করার আদেশ দিয়েছেন। বিশ্ব নেতারাও দিয়েছেন সাহায্যের প্রতিশ্রুতি।







