নীতি সুদহার (১০ শতাংশ) অপরিবর্তিত রেখে চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলেও জানানো হয়েছে।
আজ (১০ ফেব্রুয়ারি) সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক সংবাদ সম্মেলনে নতুন মুদ্রানীতি ঘোষণা করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক জানায়, আগামী জুন মাসের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশ নেমে আসবে, চলতি অর্থবছর প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ২৫ শতাংশ।
তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে সম্ভাব্য সব অস্ত্র প্রয়োগ করা হয়েছে, ফল মিলবে, তবে ধৈর্য্য রাখতে হবে। রপ্তানি এবং প্রবাসী আয় দিয়ে চলতি হিসাব এবং আর্থিক হিসাব দুটোই সামাল দেওয়া গেছে।
গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক আরও তারল্য সহায়তা দেবে উল্লেখ করে তিনি বলেন, ডলারের দামও আপাতত আর বাড়ছে না।
তবে নীতি সুদহার ছাড়াও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯ দশমিক ৮ শতাংশই অপরিবর্তিত থাকছে। এমনকি পুরো মুদ্রানীতিতে কর্মসংস্থান সৃষ্টি একেবারেই মনোযোগ পায়নি।
এর আগে গত বছরের ২২ অক্টোবর দেশের মুদ্রানীতির অন্যতম টুল নীতি সুদহার (ব্যাংক রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করা হয়।








